রাজধানীর মিরপুরে কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপ’-এর অন্যতম সক্রিয় সদস্য মো. পারভেজকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব-৪। রোববার (৫ জুলাই) ভোরে পল্লবী থানাধীন মিরপুর-১২-এর এভিনিউ-৫ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি।

তিনি জানান, পারভেজ ‘ভইরা-দে গ্রুপ’-এর লিডার আশিকের অন্যতম সহযোগী। এর আগে গত ১৭ জুন একই গ্রুপের সক্রিয় সদস্য টান আকাশ, ইমনসহ চারজনকে গ্রেফতার করা হয়েছিল।

সম্প্রতি মিরপুর ও পল্লবী এলাকায় কিশোর গ্যাং সদস্যদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। এ ঘটনায় তদন্ত শুরু করে র‌্যাব।

র‍্যাবের আরও জানান, পারভেজের বিরুদ্ধে পল্লবী থানার একটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। এছাড়া তার বিরুদ্ধে পল্লবী ও মিরপুর থানায় ডাকাতি, ছিনতাই এবং চাঁদাবাজির অভিযোগে আরও দুটি মামলা রয়েছে।

তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে রাজধানীতে কিশোর গ্যাং দমনে অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র‌্যাব।

টিটি/এমআইএইচএস