ঢাকার দোহার উপজেলায় একটি বসতবাড়ির তালা ভেঙে ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে ৫ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর কুসুমহাটি গ্রামে এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত পরিবারের প্রধান কাশেম খা জানান, তার চার ছেলের মধ্যে দুজন যুক্তরাজ্যে এবং দুজন কাতারে থাকেন। শুক্রবার তিনি ও তার স্ত্রী ঢাকার বাসায় বেড়াতে গিয়েছিলেন। রোববার (৫ জুলাই) সকালে প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারেন বাড়িতে চুরি হয়েছে। বাড়ি ফিরে দেখেন, চোরেরা ঘরের দরজা কেটে ভেতরে ঢুকে আসবাবপত্র তছনছ করেছে এবং আলমারিতে রাখা ২০ ভরি সোনা ও নগদ সাড়ে ৫ লাখ টাকা নিয়ে গেছে।খবর পেয়ে দোহার থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী কাশেম খা এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।দোহার থানার উপপরিদর্শক (এসআই) জীবন চন্দ্র বর্মন বলেন, চুরির ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। দোষীদের শনাক্ত ও মালামাল উদ্ধারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।\