ময়মনসিংহে রাজিব আহমেদ ওরফে রুবেল (৪০) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৫ জুলাই) দুপুরে নগরীর পারুল আক্তারের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাজিব আহমেদ রুবেল নগরীর আরকে মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে রাজিব পারুল আক্তারের বাসায় ভাড়াটিয়া হিসেবে উঠেন। তিনি বাসাটিতে বন্ধুদের নিয়ে থাকতেন। রবিবার সকালে রাজিবকে ওই বাসায় গলাকাটা অবস্থায় পাওয়া যায়। ঘটনায় পর থেকে বাড়ির সব ভাড়াটিয়া ও মালিক পারুল আক্তার পলাতক।
নিহতের বোন রুনা আক্তার বলেন, “ধারণা করছি, এই বাসার লোকজনই আমার ভাইকে মেরে ফেলেছে।”
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
তিনি বলেন, “আমরা এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। কিছু তথ্য পেয়েছি, সে অনুযায়ী হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে কাজ শুরু করেছি। ইতোমধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।”








