জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অবকাঠামো উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ, নিরাপদ পানি সরবরাহসহ বিভিন্ন জনকল্যাণমূলক খাতে জাইকার সহযোগিতা গুরুত্বপূর্ণ। আগামী দিনেও দুই পক্ষের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রবিবার (৫ জুলাই) সচিবালয়ে জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন।
বৈঠকে বাংলাদেশ ও জাইকার চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই নগর উন্নয়ন নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করে।
বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। উন্নয়ন কর্মকাণ্ড নির্ধারিত সময়ে শেষ করতে সরকার গুরুত্ব দিচ্ছে এবং এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাই কাজ করছেন।
তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে সরকার আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। জাইকার কারিগরি সহায়তা, অভিজ্ঞতা ও বিনিয়োগ এ খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান (এনডিসি) এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








