হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে কাওসার (২৫) নামে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।রোববার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত কাওসার মাধবপুর পৌরসভার কাচারি গ্রামের আকবর আলীর ছেলে।হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বসে প্রকাশ্যে গাঁজা সেবন করছিলেন কাওসার। এ সময় সেখানে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দোষ স্বীকার করায় আদালত তাকে এই সাজা দেন।অভিযান পরিচালনাকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম এবং আনসার প্লাটুনের কমান্ডার ইয়াসিন খান উপস্থিত ছিলেন।হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মাধবপুর ও চুনারুঘাট এলাকার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিত করতে গত ১ জুলাই থেকে ১০ জন আনসার সদস্য এই হাসপাতালে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব নেওয়ার পর এটি তাদের অন্যতম সফল অভিযান। মাদক ও বিশৃঙ্খলামুক্ত হাসপাতাল গড়তে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত চলবে বলেও জানানো হয়।