গাইবান্ধা জেনারেল হাসপাতালে রোগীদের সরবরাহ করা খাবার নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

রবিবার (৫ জুলাই) দুপুরে হাসপাতালে পরিদর্শনে গিয়ে গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আব্দুল করিম রোগীদের জন্য পরিবেশন করা মাংসের ওজন পরীক্ষা করে গুরুতর অসঙ্গতি দেখতে পান।

হাসপাতালের নির্ধারিত খাদ্যতালিকা অনুযায়ী, একজন রোগীর জন্য প্রতিদিন দুপুরে ১৯০ গ্রাম (ব্রয়লার) মাংস বরাদ্দ। কিন্তু সংসদ সদস্যের উপস্থিতিতে রোগীদের দেওয়া মাংস ওজন করে দেখা যায়, দেওয়া হয়েছে মাত্র ২৫ থেকে ৪০ গ্রাম।

হাসপাতাল সড়কের স্থানীয় বাসিন্দা সুজন মিয়া বলেন, “হাসপাতালে খাবার সরবরাহের দায়িত্বে আছেন শাহাদাত নামের এক ঠিকাদার। তিনি দীর্ঘদিন ধরে নানা অনিয়ম করে আসছেন।”

অভিযোগের বিষয়ে জানতে শাহাদাতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি ঠিকাদার না। ঠিকাদার বাহিরের। আমি তার হয়ে কাজ করি।”

এ সময় প্রতিবেদক ঠিকাদারের নাম জানতে চাইলে তিনি বলেন, “বাদ দাও তো ভাই।”

গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আব্দুল করিম বলেন, “রোগীদের জন্য সরকার যে বরাদ্দ দিয়েছে, তা যেন কোনোভাবে আত্মসাৎ না হয়। রোগীদের প্রাপ্য খাবার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি আরো বলেন, “হাসপাতাল একটি পাবলিক প্রতিষ্ঠান। এখানে কারো এককভাবে কাজ পাওয়ার সুযোগ নেই। এই ঠিকাদারের বিরুদ্ধে অনেক অভিযোগ আমিও পেয়েছি। আর যাতে অনিয়ম না হয়, সেজন্য নিয়মিত হাসপাতাল পরিদর্শনে আসব।”