চট্টগ্রামের মিরসরাইয়ে একটি পরিত্যক্ত একটি কারখানা থেকে আমিনুল ইসলাম (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে মির্জাপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত একটি পরিত্যক্ত কারখানার গার্ডরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত আমিনুল চট্টগ্রাম শহরের বিশ্বকলোনী এলাকার সাহেব আলীর ছেলে এবং ভাঙারি ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কারখানাটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে ওই কারখানার পাহারাদার গার্ডরুমের ভেতরে দেখতে গেলে একজনকে অস্বাভাবিকভাবে বসে থাকতে দেখেন। পরে তার কাছে গিয়ে বুঝতে পারেন তিনি মৃত। পরে পুলিশকে জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এম মাঈন উদ্দিন/এনএইচআর/জেআইএম