বিশ্বকাপে আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ম্যাচকে ‘ডাকাতি’ অভিহিত করার পর, এবার রিয়াল মাদ্রিদের পর্তুগিজ কোচ হোসে মরিনহো মিসরের কোচের বর্ণবাদবিরোধী ‘এক্স’ সংকেতকে সমর্থন করে নিজের ফেসবুক পেজে ছবি পোস্ট করেছেন— দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।

গতকাল ৯ জুলাই ‘ATN Bangla News’ নামের একটি ফেসবুক পেজে ছড়ানো ফটোকার্ডের ক্যাপশনে বলা হয়, ‘বিশ্বকাপে আর্জেন্টিনা-মিশর ম্যাচে বর্ণবাদী আচরণ তুলে এক্স চিহ্ন প্রদর্শন করে হলুদ কার্ড দেখেন মিশরের কোচ হোসাম হাসান । বিশ্বকাপের সেই ম্যাচ নিয়ে বিশ্বজুড়ে তুমুল সমালোচনা চলছে । এরই মধ্যে সেই খেলা নিয়ে কঠোর মন্তব্য করেন চেলসি ও ইন্টার মিলানের সাবেক এবং বর্তমান রিয়েল মাদ্রিদের কোচ জোসে মরিনহো । আর্জেন্টিনা-মিশর ম্যাচের পরপরই তিনি সেই খেলাকে "ডাকাতি' বলে অভিহিত করেন । এবার সেই তেলের আগুনে ঘি ঢাললেন নিজেই । আজ তাঁর ভেরিফাইড ফেসবুকে মিশরের কোচের "এক্স" প্রদর্শনকে সমর্থন করে নিজেই "এক্স" প্রদর্শন করে ফেসবুকে পোষ্ট দিয়েছেন।’ (লেখা ও বানান অপরিবর্তিত)

আলোচিত দাবির সত্যতা যাচাইয়ে ফুটবল কোচ হোসে মরিনহো আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে এমন কোনো মন্তব্য বা ছবি পোস্ট করেছেন কি না, তা নিয়ে অনুসন্ধানে ‘Mourinho coach’ নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজে ভাইরাল হওয়া ছবিটি পাওয়া যায়। তবে পেজটির ‘Page Transparency’ থেকে জানা যায়, ২০২৩ সালের ২৫ এপ্রিল Mourinho coach নামে পেজটি খোলার পর একই দিনে এর নাম পরিবর্তন করে ‘Yousef Abdullah Balideh’ রাখা হয়েছিল। পরবর্তীতে গত ১৬ মে পেজটির নাম আবার বদলে ‘Mourinho coach’ করা হয়। এছাড়া পেজটি পরিচালনাকারীদের মধ্যে ৫ জন মিসরের এবং ১ জন ইতালিতে অবস্থান করছেন। অর্থ্যাৎ, পেজটি মিসর ও ইতালি থেকে পরিচালনা করা হচ্ছে।

এ ছাড়া অনুসন্ধানে মরিনহোর নিজস্ব কোনো ফেসবুক পেজ বা অ্যাকাইন্ট পাওয়া যায়নি।

আরও অনুসন্ধানে মরিনহোর ভেরিফায়েড ইনস্টাগ্রাম প্রোফাইল অনুসন্ধান করে দেখা যায়, তিনি সাম্প্রতিক সময়ে এই ধরনের কোনো ছবি পোস্ট করেননি। মূলত ভাইরাল হওয়া ‘এক্স’ প্রদর্শনের ছবিটি মরিনহো আজ থেকে ৩ বছর আগে, ২০২৩ সালের ১১ মার্চ তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন—যার সাথে সাম্প্রতিক আর্জেন্টিনা-মিসর ম্যাচের কোনো সম্পর্ক নেই। পাশাপাশি, আন্তর্জাতিক কোনো গণমাধ্যমেও মরিনহো কর্তৃক এই ম্যাচটিকে ‘ডাকাতি’ বলার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

তবে গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হোসে মরিনহো গত ১১ জুন রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে ৩ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, যার ফলে ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত তিনি স্প্যানিশ ক্লাবটিতে থাকবেন।

গত ৭ জুলাই বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিসরের কোচ হোসাম হাসান দুই হাত ক্রস করে ‘এক্স’ চিহ্ন দেখান। বুকের সামনে দুই হাত ক্রস করে ‘এক্স (X)’ চিহ্ন তৈরি করা মূলত ফিফা স্বীকৃত একটি আনুষ্ঠানিক সংকেত। মাঠে কোনো খেলোয়াড় বা কোচ বর্ণবাদী বা বৈষম্যমূলক আচরণের শিকার হলে এই সংকেত ব্যবহার করে রেফারিকে জানাতে পারেন। ২০২৪ সালে ফিফা বর্ণবাদের বিরুদ্ধে পদক্ষেপ জোরদার করতে এই ‘ক্রসড আর্মস’ সংকেতটি ম্যাচ প্রোটোকলে অন্তর্ভুক্ত করে। এই সংকেত পাওয়ার পর রেফারি খেলা সাময়িক বন্ধ বা পরিত্যক্ত ঘোষণা করতে পারেন। তবে হোসাম হাসান ঠিক কোন অভিযোগে এই সংকেত ব্যবহার করেছিলেন, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

সিদ্ধান্ত

আর্জেন্টিনা-মিসরের ম্যাচকে রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহোর ‘ডাকাতি’ বলা এবং মিসরের কোচকে সমর্থন জানিয়ে ফেসবুকে ছবি পোস্ট করার দাবিটি বানোয়াট। মূলত, মরিনহোর তিন বছর আগের একটি ছবিকে সম্প্রতি আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।