দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন বাংলাদেশের একসময়ের দর্শকপ্রিয় নায়িকা শাহনূর। বর্তমানে সেখানে তিনি ভিন্ন পেশায় কাজ করছেন। হয়েছেন ডিজিটাল জকি। নামও বদলেছেন, হয়েছেন ডিজে নূর। ডিজে রাহাতের কাছে কাজ শিখে এ পেশায় এসেছেন বলে জানান শাহনূর। বলেছেন, আগামী ৯ আগস্ট যুক্তরাষ্ট্রের কুইনস প্যালেসে অনুষ্ঠিতব্য ‘নিউইয়র্ক মিউজিক ফেস্ট’-এ অংশগ্রহণ করবেন। এ ছাড়া আগামী ২ আগস্ট অনুষ্ঠিতব্য ‘আনন্দ মেলা’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও অংশগ্রহণ করতে পারেন বলেও জানান তিনি। শাহনূর বলেন, ‘কিছুদিন আগে আমি হঠাৎ বেশ অসুস্থ হয়ে পড়েছিলাম। কিন্তু এখন বেশ ভালো আছি। টুকটাক কাজ করছি নিয়মিত। আগামী ৯ আগস্ট আমাদের ব্যান্ডদল এইচট্রিক-এর আয়োজনে ‘নিউইয়র্ক মিউজিক ফেস্ট ২০২৬-অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেহেতু আমি দলের সাধারণ সম্পাদক, তাই আমাকে এ ফেস্টিভ্যাল নিয়ে অনেক ব্যস্ত সময় পার করতে হচ্ছে। এবারের আয়োজনে বলিউড, ঢালিউড ও নেপালী কমিউনিটি থেকে শিল্পীরা অংশগ্রহণ করবে। ইচ্ছা আছে আনন্দমেলা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করার।’ এরইমধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থিত বরিশালের মেহেন্দীগঞ্জ সমিতির অনুষ্ঠানে সংগীত পরিবেশনও করেছেন শাহনূর। তিনি এখন স্টেজ শোতে গানও গাইছেন নিয়মিত।








