বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে ১৪৫০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ফিশিংবোট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এসময় ২১ জনকে আটক করা হয়।
শনিবার (২৭ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ শুক্রবার ভোরে সেন্টমার্টিন থেকে প্রায় ১৩ মাইল দূরে পৃথক দুটি অভিযান পরিচালনা করে। অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সিমেন্ট বহনকারী ‘এফবি ফাতেমা হোসনা’ ও ‘এফবি নিঝু রাব্বি’ নামের দুটি ইঞ্জিনচালিত কাঠের ফিশিং বোট জব্দ করা হয়।
তল্লাশিকালে ‘এফবি ফাতেমা হোসনা’ বোট থেকে ১০ জনসহ ৬৫০ বস্তা সিমেন্ট এবং ‘এফবি নিঝু রাব্বি’ বোট থেকে ১১ জনসহ ৮০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়।
অভিযানে মোট ২১ জনকে আটক এবং ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
আইএসপিআর আরও জানায়, দেশের সমুদ্রসীমায় চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।
টিটি/এমআইএইচএস








