বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ফিশিং বোট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় দুই বোট থেকে ২১ জনকে আটক করা হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেলে চট্টগ্রামস্থ নৌবাহিনীর মিডিয়া বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ শুক্রবার (২৬ জুন) ভোরে সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ১৩ মাইল দূরে দুটি অভিযান পরিচালনা করে। অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সিমেন্ট বহনকারী ‘এফবি ফাতেমা হোসনা’ ও ‘এফবি নিঝু রাব্বি’ নামে দুটি ইঞ্জিনচালিত কাঠের ফিশিং বোট আটক করা হয়। তল্লাশির সময় ‘এফবি ফাতেমা হোসনা’ থেকে ৬৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট জব্দ এবং ১০ জনকে আটক করা হয়। ‘এফবি নিঝু রাব্বি’ থেকে ৮০০ বস্তা ডায়মন্ড সিমেন্ট জব্দ ও ১১ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জব্দ করা বোট ও মালামাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, দেশের সমুদ্রসীমায় চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








