চট্টগ্রাম থেকে মিয়ানমার পাচারকালে একটি কার্গো বোট থেকে ৪১০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। তবে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজ মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানান। এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ১টায় সীতাকুণ্ড থানার বাড়বকুণ্ড ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপনে খবর পেয়ে ভাটিয়ারি কোস্ট গার্ড স্টেশন বিশেষ অভিযান পরিচালনা করে সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালায়। পরে বোট থেকে আনুমানিক ১৪ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৪১০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। এ সময় পাচার কাজে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মিডিয়া কর্মকর্তা আরও জানান, এসব সার মিয়ানমার পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। জব্দ সার ও বোটের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।








