কক্সবাজারের টেকনাফে নাফ নদী দিয়ে মিয়ানমারে পাচারের সময় ৩২ বস্তা সার ও দুটি কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত দুই দিনে পৃথক দুটি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মালামাল উদ্ধার করা হয়। সোমবার (২৯ জুন) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।বিজিবি জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত রোববার ও সোমবার দমিদমিয়া বিওপির সদস্যরা নাফ নদীসংলগ্ন জাদিমুড়া এলাকায় বিশেষ অভিযান চালান। প্রথম অভিযানে গত রোববার সকাল সাড়ে আটটার দিকে জাদিমুড়া পোস্ট সংলগ্ন হাবিবুল্লাহ জোড়া এলাকার একটি কেওড়া বাগান থেকে ১০ বস্তা সার ও একটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।এরপর আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে একই এলাকায় আরেকটি অভিযান চালায় বিজিবি। অভিযানে নাফ নদীর তীরবর্তী বাগান থেকে আরও ২২ বস্তা সার এবং একটি কাঠের নৌকা উদ্ধার করা হয়। বিজিবি বলছে, এসব সার মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সেখানে মজুত করা হয়েছিল। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৫৫ হাজার ২০০ টাকা।টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশ থেকে মিয়ানমারে পণ্য পাচার এবং সেখান থেকে মাদকসহ অবৈধ দ্রব্য প্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় পাচার রোধে আমাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’
রাজনীতি
মিয়ানমারে পাচারকালে সার ও নৌকা জব্দ

শেয়ার করুন







