সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। রবিবার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লাহিড়ী মোহনপুর রেলগেট সংলগ্ন বর্ধণগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল মোল্লা (২২) বর্ধণগাছা গ্রামের শামসুল মোল্লার ছেলে।
নিহতের দাদা সানোয়ার হোসেন জানান, সকালে রুবেল রেললাইন ধরে হাঁটার সময় কানে হেডফোন লাগিয়ে মোবাইলে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের ম্যাচ দেখছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার ওসি খাইরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।








