বহুল প্রতীক্ষিত সায়েন্স ফিকশন সিনেমা ‘ডিউন : পার্ট থ্রি’র ট্রেলার প্রকাশ করেছেন অভিনেতা টিমোথি শ্যালামে ও নির্মাতা ডেনিস ভিলনেভ। সিনেমাটি আগামী ১৮ ডিসেম্বর ২০২৬ বিশ্বব্যাপী মুক্তি পাবে। ট্রেলার অনুযায়ী, ‘ডিউন : পার্ট টু’র ঘটনার ১৭ বছর পরের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে নতুন এ সিনেমা। সম্রাট হিসাবে পল অ্যাট্রেইডিসের শাসনের পরিণতি এবং ক্ষমতার মূল্যই এবার গল্পের মূল বিষয়। ভবিষ্যৎ দেখার ক্ষমতা থাকা সত্ত্বেও গ্যালাক্সির নিয়ন্ত্রণ নেওয়ার পর তার দৃষ্টিভঙ্গি আগের মতো স্পষ্ট নেই। ট্রেলারে পল ও চ্যানির সম্পর্কের টানাপোড়েনও উঠে এসেছে। পলের অন্য এক নারীকে বিয়ে করার সিদ্ধান্ত তাদের সম্পর্কে গভীর সংকট তৈরি করে। এদিকে পুরোনো মিত্রদের প্রত্যাবর্তন, নতুন শত্রুর আবির্ভাব এবং এক জটিল ষড়যন্ত্র পলকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে। সিনেমাটিতে অভিনয় করেছেন টিমোথি শ্যালামে, জেন্ডায়া, জেসন মোমোয়া, রেবেকা ফার্গুসন, হাভিয়ের বারদেম, ফ্লোরেন্স পিউ ও আনিয়া টেলর-জয়। এ ছাড়া নতুনভাবে যোগ দিয়েছেন রবার্ট প্যাটিনসন ও ইসাক দে ব্যাংকোলে।








