বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেছেন, ‘মুক্তিযোদ্ধাদের ভিক্ষুক বানিয়েছে আওয়ামী লীগের হাসিনা। মানুষের কাছে হাত পাতার ব্যবস্থা করে দিয়েছে সে।’ শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা পরিষদ চত্বরে জেলা পরিষদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের উপহার প্রদান এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইদুর রহমান বাচ্চু বলেন, মুক্তিযোদ্ধারা চেক বা অনুদান পাওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেননি। তারা যুদ্ধ করেছেন গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য। তিনি আরও বলেন, ‘কোটা পাবে কি পাবে না—এ জন্য মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেননি। আজ কোটার কারণে মুক্তিযোদ্ধাদের অপমানিত হতে হচ্ছে।’
স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তাঁর প্রতি অন্যায় করা হলেও সে সময় অনেক মুক্তিযোদ্ধা নীরব ছিলেন। জিয়াউর রহমানের পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদ করা হলেও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তেমন কোনো প্রতিবাদ দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
জুলাইয়ের কোটা আন্দোলনের প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘হাসিনা সরকারকে হটাতে বিএনপি ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছে। পরে কোটা আন্দোলনে ছাত্রসমাজ রাজপথে নেমে রক্ত দিয়েছে। সেই আত্মত্যাগের কারণেই আন্দোলন সফল হয়েছে এবং হাসিনার মতো ফ্যাসিস্টের পতন ঘটেছে।’
বক্তব্যে তিনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার এবং সাংবাদিক ও আলেমদের ওপর দমন-পীড়নের অভিযোগও তোলেন।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে ২৩ জন বীর মুক্তিযোদ্ধা, ১০ জন মেধাবী শিক্ষার্থী এবং ৪১ জন অসহায় রোগীর মধ্যে মোট ৪ লাখ ৮৪ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সহধর্মিণী ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে এতে জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।








