মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২৮ জুন) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ মনিটরিং ও অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
তিনি জানান, অভিযান চলাকালে ভাই ভাই জেনারেল স্টোরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক কামরুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া আরিয়ান ট্রেডার্সে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় মালিক মোজাম্মেল মোল্লাকে দুই হাজার টাকা এবং দেলোয়ার স্টোরে একই ধরনের অনিয়মের দায়ে মালিক মোস্তাকিম মোল্লাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় সহকারী পরিচালক আসিফ আল আজাদকে সহযোগিতা করেন গজারিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান এবং গজারিয়া থানা পুলিশের একটি দল।








