ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই রাজধানী দামেস্কে অন্তত দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবারের (৭ জুলাই) এ ঘটনায় শহরের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
টেলিভিশনের ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের পর শহরের আকাশে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং যাচাই করা ভিডিওতে একটি গাড়িতে আগুন জ্বলতেও দেখা গেছে।
একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরণগুলো জনবহুল এলাকায় ঘটেছে। তিনি ঘটনাটিকে ‘অপরাধমূলক হামলা’ বলে উল্লেখ করেন এবং এতে হতাহতের আশঙ্কার কথা জানান।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, একটি বিস্ফোরণ পর্যটন মন্ত্রণালয়ের কাছে এবং আরেকটি সেই হোটেলের আশপাশে ঘটে, যেখানে ম্যাক্রোঁর থাকার কথা ছিল। তিনি সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠকের জন্য দামেস্ক সফর করছেন।
তবে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, বিস্ফোরণের সময় ম্যাক্রোঁ বৈঠকে যাওয়ার পথে ছিলেন এবং তিনি বিস্ফোরণের শব্দও শোনেননি। তার সফর পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চলেছে।
প্রেসিডেন্ট প্রাসাদের আশপাশের পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন আল-জাজিরার প্রতিনিধি।
ঘটনার পর নিরাপত্তা বাহিনী আশপাশের সড়কগুলো বন্ধ করে দিয়েছে এবং বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
গত সপ্তাহেও দামেস্কের কেন্দ্রস্থলের একটি ক্যাফেতে বিস্ফোরণে অন্তত নয়জন নিহত এবং ২০ জন আহত হন।
সূত্র: আল-জাজিরা
এমএসএম








