নবাবগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও জৈব সার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কর্মসূচির আয়োজন করে। লেবুর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহান এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ রহমান। অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ে ৮০ জন প্রান্তিক কৃষকের মাঝে ৪০০টি লেবুর চারা ও জৈব সার বিতরণ করা হয়। কৃষি কর্মকর্তা আসমা জাহান জানান, পর্যায়ক্রমে ৭২৬ জন কৃষকের মাঝে মোট ৩ হাজার ৬৩০টি আম, কাঁঠাল, বেল, কতবেল ও নিম গাছের চারা বিতরণ করা হবে। এছাড়া কৃষি উৎপাদন বাড়াতে ১১০০ কৃষককে রোপা আমন এবং ১৪০০ জনকে গ্রীষ্মকালীন সবজি প্রণোদনা দেওয়া হবে। অনুষ্ঠানে ওসি মো. আবু হানিফ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাকিয়া ইসলাম জানাস এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা সীমা রানী মন্ডলসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








