নবীন বন্ধুদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছে হাবিপ্রবি বন্ধুসভা। ১২ সেপ্টেম্বর বিকেলে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ফ্ল্যাগ স্ট্যান্ডে এ সভা অনুষ্ঠিত হয়।
শুরুতেই সবাই একে অপরের সঙ্গে পরিচিত হয়ে নেন। এরপর প্রত্যেকে নিজেদের অনুভূতি জানান। এ সময় উঠে আসে সবার নিজস্ব পছন্দ-অপছন্দ, ভালো লাগা ও সহপাঠ্যক্রমিক নানা বিষয়। প্রাতিষ্ঠানিক আলোচনার পাশাপাশি মজার সব বিষয়ে মতবিনিময় করেন তরুণ বন্ধুরা।
পুরোনো সদস্যরা তাঁদের আলোচনায় সংগঠনের কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। প্রচার সম্পাদক আফরিনা ইসলাম বলেন, ‘পড়াশোনার পাশাপাশি মানবিক ও সমাজকল্যাণমূলক কাজে নিজেদের যুক্ত করার চমৎকার সুযোগ দেয় বন্ধুসভা।’
শেষে চা আর গল্পের আমেজে স্মৃতিমধুর এই বিকেলের ইতি টানা হয়।





