নগরকান্দায় চিকিৎসার অভাবে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন লিভার সিরোসিসে আক্রান্ত মুয়াজ্জিন সিরাজুল ইসলাম। উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়ার সিরাজুল ইসলাম একসময় সুমধুর কণ্ঠে মসজিদে আজান দিতেন। তার কণ্ঠে আজানের ধ্বনি শুনে মুসল্লিরা নামাজের জন্য মসজিদে ছুটে আসতেন। অথচ আজ সেই মানুষটি লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পেরে দিনদিন অবনতির দিকে যাচ্ছে তার শারীরিক অবস্থা।

সিরাজুল ইসলামের পৈতৃক বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জে। দীর্ঘদিন ধরে তিনি নগরকান্দার তালমার শাকপালদিয়ায় মায়ের পাওয়া ছোট্ট এক টুকরো জমিতে নির্মিত একটি ভাঙাচোরা ঘরে বসবাস করছেন। ২০২০ সালে চিকিৎসকরা জানান, তিনি লিভার সিরোসিসে আক্রান্ত। এরপর থেকে যতদিন শারীরিকভাবে সক্ষম ছিলেন, দিনমজুরের কাজ করে চিকিৎসার ব্যয় চালিয়ে গেছেন। ২০২৫-এ রোগটি ভয়াবহ আকার ধারণ করে। বর্তমানে তার পেট অস্বাভাবিকভাবে ফুলে গেছে, হাঁটাচলায় চরম কষ্ট হচ্ছে এবং স্বাভাবিকভাবে চলাফেরা করাও প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সিরাজুল অত্যন্ত পরিশ্রমী ও সৎ একজন মানুষ। জীবনের কঠিন সময়েও তিনি কারও কাছে হাত পাতেননি। কিন্তু আজ তার জীবন বাঁচানোর জন্য সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা প্রয়োজন।

অসহায় সিরাজুল এখন বাধ্য হয়ে, সমাজের হৃদয়বান মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন। তার শিশু সন্তান এত অল্প বয়সে যেন এতিম হয়ে না যায়। তাই পৃথিবীতে সুস্থভাবে আরও কিছু দিন বেঁচে থাকার আকুতি তার। সুস্থ হয়ে তিনি সুমধুর কণ্ঠে মসজিদে আজান দিতে চান। তাকে সাহায্য পাঠানোর সেল নং-০১৩০৫৪১৫৭১৮ বিকাশ ও নগদ।