আপনার জিজ্ঞাসা
প্রশ্ন: কীভাবে হাত-পায়ের নখ কাটা উত্তম? নখ কাটার সুন্নত পদ্ধতি সম্পর্কে জানতে চাই।
নাদিরুজ্জামান, কিশোরগঞ্জ
উত্তর: ইসলামের অন্যতম প্রধান সৌন্দর্য হলো পবিত্রতা ও পরিচ্ছন্নতা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা পরিষ্কার-পরিচ্ছন্ন ব্যক্তিদের ভালোবাসার ঘোষণা দিয়েছেন, আর হাদিসে একে ‘ইমানের অঙ্গ’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। মানুষের শরীরের পরিচ্ছন্নতার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো হাত ও পায়ের নখ ছোট রাখা। সাধারণ এই দৈনন্দিন কাজটিও যদি রাসুলুল্লাহ (সা.)-এর নির্দেশিত পথ ও বুজুর্গদের দেখানো তরিকা অনুযায়ী করা হয়, তবে তা ইবাদতে পরিণত হয় এবং সওয়াব লাভ করা যায়।
সপ্তাহে অন্তত একবার হাত ও পায়ের নখ কাটা সুন্নত (শরহুস সুন্নাহ: ৩০৯০)। মুসলমানদের জন্য শুক্রবার হলো সাপ্তাহিক ঈদের দিন। তাই এই বিশেষ দিনে জুমার নামাজে যাওয়ার আগে নখ কাটা, গোসল করা ও সুগন্ধি ব্যবহার করা সুন্নত আমলের অন্তর্ভুক্ত। (শরহুস সুন্নাহ: ৩০৯১)। তবে নখ বেশি বড় হয়ে গেলে শুক্রবারের জন্য অপেক্ষা না করে কেটে ফেলা উচিত, কারণ নখ কাটার সর্বোচ্চ সময়সীমা হলো ৪০ দিন।
ইসলামে যেকোনো ভালো বা কল্যাণকর কাজ ডান দিক থেকে শুরু করা সুন্নত। নখ কাটার ক্ষেত্রেও ডান হাত ও ডান পা থেকে শুরু করা সুন্নত আমল। কোন আঙুল থেকে নখ কাটা শুরু করতে হবে, তা নিয়ে সরাসরি কোনো মারফু হাদিস না থাকলেও ফকিহ ও বুজুর্গদের অনুসৃত একটি সুন্দর পদ্ধতি ইসলামি ফিকহের কিতাবগুলোতে বর্ণিত হয়েছে, যা আদবের অন্তর্ভুক্ত: ক. প্রথমে উভয় হাতকে মোনাজাতের আকৃতিতে পাশাপাশি রাখতে হবে। খ. এরপর ডান হাতের শাহাদাত (তর্জনী) আঙুল থেকে নখ কাটা শুরু করে ধারাবাহিকভাবে কনিষ্ঠা (কড়ে) আঙুল পর্যন্ত কাটতে হবে (অর্থাৎ বুড়ো আঙুল বাদ থাকবে)। গ. এরপর বাঁ হাতের কনিষ্ঠা আঙুল থেকে শুরু করে ধারাবাহিকভাবে বুড়ো আঙুল (বৃদ্ধাঙ্গুলি) পর্যন্ত নখ কেটে শেষ করতে হবে। ঘ. সর্বশেষে ডান হাতের বাকি থাকা বুড়ো আঙুলের নখটি কাটতে হবে। (সূত্র: ফাতওয়ায়ে শামি: ৬ / ৪০৬, ফাতওয়ায়ে আলমগিরি: ৫ / ৩৫৮)
পায়ের নখ কাটার ক্ষেত্রেও ডান দিক থেকে শুরু করার নীতি প্রযোজ্য। এর পদ্ধতিটি হলো: ক. ডান পায়ের কনিষ্ঠা (ছোট) আঙুল থেকে নখ কাটা শুরু করতে হবে। খ. এরপর ধারাবাহিকভাবে বুড়ো আঙুল হয়ে বাঁ পায়ের বুড়ো আঙুলে আসতে হবে। গ. বাঁ পায়ের বুড়ো আঙুল থেকে ধারাবাহিকভাবে বাঁ পায়ের কনিষ্ঠা আঙুলের নখ কেটে শেষ করতে হবে। (সূত্র: ফাতওয়ায়ে শামি: ৬ / ৪০৬)
তবে হাত ও পায়ের নির্দিষ্ট আঙুল পরম্পরায় নখ কাটার এই ক্রমটি সরাসরি সুনির্দিষ্ট কোনো হাদিস বা সাহাবিদের আমল দ্বারা প্রমাণিত নয়। তাই নখ কাটার সময় নির্দিষ্ট আঙুলের এই ক্রমটিকে সরাসরি সুন্নত মনে না করে, মুস্তাহাব ও একটি উত্তম নিয়ম হিসেবে আমল করা ভালো। মূল সুন্নত হলো নখ ছোট ও পরিষ্কার রাখা এবং তা ডান দিক থেকে কাটা শুরু করা।
উত্তর দিয়েছেন: মুফতি শাব্বির আহমদ, ইসলামবিষয়ক গবেষক







