তোমার চোখের নীলাভ মায়ায়
থমকে আছে আমার উদ্বাস্তু পৃথিবী।
ছন্নছাড়া বাউণ্ডুলের এই করুণ দোতারায়
সুর কেটে গেছে বহুদিন—
রক্তাক্ত বিষাদগীতি।
কী অদ্ভুত জাদুর টানে অন্ধকার হৃদয়জুড়ে,
যেন নক্ষত্রলোকে জেগে আছে পরম আরাধ্য—
তোমার-আমার আলিঙ্গনের ইতিবৃত্ত।
অথচ এখন নিশুতি রাতের নগ্ন বর্ণমালাও
কথা হারায় গভীর, তরল জ্যোৎস্নায়।
পৃথিবীজুড়ে মরীচিকা হয়ে পড়ে আছে
আমাদের ফেলে আসা ছোট ছোট কথা,
স্পর্শ আর নিষিদ্ধ চুম্বন।
অনিন্দ্য নূরের কবিতা: কাঠগোলাপের চিরকুট
ভাঙা চাঁদের মতো ভবঘুরে প্রেমিকের
বুকে রক্তাক্ত আঁচড় রেখে গেছে
প্রেমিকার অলৌকিক ধ্যান।
ক্লান্ত, শিহরিত পলকে রেখে যাচ্ছি চিরকুট—
আবার এসো, প্রেয়সী—
সাধনায়, সংসারে,
আর এই পার্থিব মহামিলনে।
এসইউ








