কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদী দিয়ে ইয়াবা পাচারের সময় একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁর কাছ থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বুধবার (১ জুলাই) গভীর রাতে উপজেলার শাহপরীর দ্বীপ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।আটক ব্যক্তির নাম জাগীর হোসেন (২৮)। তিনি টেকনাফের সাবরাং ইউনিয়নের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা। বিজিবির দেওয়া তথ্যমতে, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী পেরিয়ে শাহপরীর দ্বীপ দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন তথ্যের ভিত্তিতে শাহপরীর দ্বীপ বিওপির সদস্যরা জেটি থেকে প্রায় ৯০০ মিটার দক্ষিণে নাফ নদীর তীরে অবস্থান নেন। পাশাপাশি প্রযুক্তিগত নজরদারি ও নৌ টহল জোরদার করা হয়।রাত পৌনে একটার দিকে নাফ নদীর মিয়ানমার অংশে একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হয়। কিছুক্ষণ পর দেখা যায়, এক ব্যক্তি দুটি বস্তা নিয়ে সাঁতরে বাংলাদেশের সীমানায় প্রবেশের চেষ্টা করছেন। এ সময় বিজিবির নৌ টহল দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে। পরে বস্তা দুটি তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি স্বীকার করেছেন যে তিনি মিয়ানমার থেকে ইয়াবার চালানটি আনছিলেন।টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান দমনে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। রাডার ও প্রযুক্তিনির্ভর নজরদারির কারণে পাচারকারীকে শনাক্ত করা সম্ভব হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা করে তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।/