চার দিন আগের ফুটবল খেলাকে কেন্দ্র নড়াইল সদর উপজেলায় হামলা চালিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার বেলা তিনটার দিকে উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মহারাগ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোস্তফা কাজী (৬৫)। তিনি সদর উপজেলার পলইডাঙ্গা গ্রামের মৃত আকমল কাজীর ছেলে। তবে মোস্তফা কাজী ভদ্রবিলা ও পলইডাঙ্গা গ্রামের মধ্যবর্তী মহারাগ গ্রামে বসবাস করতেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে সদর উপজেলার ভদ্রবিলা বাজার এলাকায় ভদ্রবিলা ও পাশের পলইডাঙ্গা গ্রামের কিশোরদের মধ্যে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। সেখানে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে দুই দফায় এই বিরোধ মীমাংসার চেষ্টা করলেও তা হয়নি।

নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ, মোস্তফা কাজী পলইডাঙ্গা ও ভদ্রবিলার মধ্যবর্তী মহারাগ গ্রামে বসবাস করতেন। তবে তাঁর বাড়ি আগে পলইডাঙ্গায় ছিল। এ কারণে ফুটবলের বিরোধের জেরে আজ শুক্রবার বিকেলে ভদ্রবিলা বাজারে যাওয়ার পথে অতর্কিত হামলা করে মোস্তফাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন ভদ্রবিলা এলাকার কয়েকজন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার কুণ্ডু বলেন, পুলিশের একাধিক ইউনিট ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। একই সঙ্গে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনার কাজও চলছে।