নড়াইলে রবিউল সিকদার নামে এক যুবকের বিরুদ্ধে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। সোমবার বিকালে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের পাঁচুড়িয়াপাড়ায় এ ঘটনা ঘটে। পেশায় রাজমিস্ত্রি রবিউল ঘটনার পর থেকেই পলাতক। নিহত ওই শিশুর পরিবার জানায়, সোমবার বিকালে নিজ বাড়ির পাশ দিয়ে হেঁটে বেড়াচ্ছিল শিশুটি। এ সময় রবিউল শিশুটিকে ডেকে নিয়ে যায়। বেশ কিছু সময় পর পরিবারের সদস্যরা শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রবিউলের ঘরের মেঝেতে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে। যে ঘরটিতে শিশুটির লাশ পাওয়া গেছে, সেখানে শুধু রবিউল একাই থাকতেন। আগে তার বউ-বাচ্চা থাকলেও বর্তমানে রবিউলকে ছেড়ে চলে গেছেন তারা। সেই ফাঁকা ঘরটিতে নিয়ে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে গেছে রবিউল। এ ঘটনার সুষ্টু বিচারের দাবি জানিয়েছেন পরিবার। এএসপি রকিবুল হাসান বলেন, প্রাথমিকভাবে আসামিকে আমরা শনাক্ত করতে পেরেছি। তাকে ধরার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।








