নড়াইলের নড়াগাতীতে মনি মিয়া শেখ (৪৫) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে জয়নগর ইউনিয়নের পানিপাড়া গ্রামের কামরুল ঠাকুরের বাড়ির সামনে তাকে হত্যা করা হয়।
নিহত মনি মিয়া শেখ নড়াগাতী থানার চর-জয়নগর গ্রামের বাসিন্দা। তিনি জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জয়নগর ইউনিয়নের পুঠিমারি বাজার থেকে নিজ বাড়ি চর-জয়নগর ফিরছিলেন মনি মিয়া শেখ। পানিপাড়া এলাকার কামরুল ঠাকুরের বাড়ির সামনে পৌঁছালে ৭/৮জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে মনি মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। চিৎকার শুনে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় নেওয়ার পথে মনি মিয়া শেখ মারা যান।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।”







