ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কঠিন চ্যালেঞ্জের মুখে ইংল্যান্ড। মেগা ম্যাচে আজ রাতে নরওয়ের মুখোমুখি হবে ১৯৬৬-র চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একাধিক চোট সমস্যায় জর্জরিত ইংল্যান্ড। চোটের জন্য এই ম্যাচে খেলা অনিশ্চিত তারকা ডিফেন্ডার মার্ক গুয়েহির। দলের সঙ্গে অনুশীলন না করায় তার ফিটনেস নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। একই সঙ্গে তারকা মিডফিল্ডার ডেকলান রাইসও অসুস্থতার কারণে অনুশীলনে অংশ নেননি। ফলে ডিফেন্স সাজাতে গিয়ে মাথায় হাত কোচ টমাস টুখেলের। হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন গুয়েহি। সেই কারণেই বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি তিনি। শুক্রবারও তিনি অনুশীলনে ফিরেছেন কিনা, তা জানা যায়নি। নরওয়ের বিরুদ্ধে তার খেলার সম্ভাবনা কম। সেক্ষেত্রে জন স্টোনস ও ড্যান বার্নের মধ্যে একজন প্রথম একাদশে সুযোগ পেতে পারেন। অন্যদিকে, বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, অসুস্থতার কারণে টানা দুদিন অনুশীলন করতে পারেননি ডেকলান রাইস। বিশ্বকাপে হ্যামস্ট্রিং এবং পিঠের সমস্যাতেও ভুগছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ফলে তাকে নিয়ে সতর্ক ইংল্যান্ড শিবির। বেশি ঝুঁকি নিতে চাইছেন না টুখেল।
ইংল্যান্ড কোচের চিন্তা আরও বাড়িয়েছে জ্যারেল কোয়ানশার দুই ম্যাচের নিষেধাজ্ঞা। মেক্সিকোর বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখায় কোয়ার্টার ফাইনালে নেই তিনি। ইংল্যান্ড সেমিফাইনালে উঠলেও খেলতে পারবেন না এই ডিফেন্ডার। তাই নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ডকে সামলানো ইংল্যান্ডের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।







