ডালাস স্টেডিয়ামে বিশ্বকাপের রাউন্ড অব ৩২ ম্যাচে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল নরওয়ে। তবে দ্বিতীয়ার্ধেই সমতা ফিরিয়েছে আইভরি কোস্ট।
ম্যাচের প্রথম ৩০ মিনিটে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল আইভরি কোস্ট। কোনানের একটি শট সাইড-নেটিংয়ে লাগে, আর পেপের ছয় গজের বক্সে বাড়ানো বল থেকে বোনি গোল করতে ব্যর্থ হন। তবে সুযোগ কাজে লাগাতে না পারার খেসারত দিতে হয় তাদের।
৩৯তম মিনিটে দুর্দান্ত একক নৈপুণ্যে নরওয়েকে এগিয়ে দেন নুসা। বাম দিক থেকে ড্রিবল করে পেনাল্টি বক্সে ঢুকে ডান পায়ের বাঁকানো শটে বল জড়িয়ে দেন গোলের ওপরের ডান কোণে। আইভরি কোস্টের গোলরক্ষক ইয়াহিয়া ফোফানার কিছুই করার ছিল না। এটি ছিল নরওয়ের জার্সিতে নুসার নবম গোল।
গোলের পরপরই ব্যবধান দ্বিগুণ করার সুযোগও তৈরি করে নরওয়ে। হালান্ডের কাছ থেকে নিশ্চিত গোল বাঁচান আগবাদু, যিনি ছয় গজের বক্সে গুরুত্বপূর্ণ ব্লক করেন। এরপর একটি কর্নার থেকে সোরলথের হেডও লক্ষ্যে রাখতে ব্যর্থ হয়।
দ্বিতীয়ার্ধে ৭৪ মিনিটে সমতা ফেরায় আইভরি কোস্ট। পেপের সঙ্গে ওয়ান টু ওয়ান পাসে বক্সে ঢুকে পড়েন আমাদ দিয়ালো। গোলরক্ষককে পরাস্ত করে দারুণ এক শটে গোল করেন তিনি।
এমএমআর








