নরসিংদীর শিবপুরে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শেখ মোহাম্মদ ইলিয়াস (৩৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (৪ আগস্ট) দুপুরে ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক মহাসড়কের শিবপুর উপজেলার কুমড়াদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ইলিয়াস শিবপুর উপজেলার বান্দারদিয়া এলাকার শেখ মোহাম্মদ ঈমাম উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন - শিবপুরের পুরান্দিয়া এলাকার আবু বকর সিদ্দিক (৬৫), দত্তেরগাঁও এলাকার পাবেল (৪৩), সাইদুর রহমান খান (৫০) এবং মনোহরদী উপজেলার খিদিরপুর এলাকার অটোরিকশাচালক হাদিস মিয়া (৩৪)। আহত ব্যক্তিরা বর্তমানে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তারা সবাই অটোরিকশার আরোহী ছিলেন।স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে ইটাখোলা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা মনোহরদীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকারের চাকা হঠাৎ ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে প্রাইভেটকারটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা পাঁচজনকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইলিয়াসকে মৃত ঘোষণা করেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।