নারায়ণগঞ্জের ফতুল্লায় মধ্যরাতে অবৈধ সংযোগ দেওয়ার সময় তিতাস গ্যাস বিস্ফোরণে চারজন শ্রমিক দগ্ধ হয়েছে।

সোমবার (১৩ জুলাই) রাতে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের চিতাশাল ১ নং গলির দেলোয়ার হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে আরিফুল ইসলাম নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দগ্ধ আরিফুল ইসলাম (৩৫) রংপুর জেলার কালিগঞ্জ থানার লতাবর গ্রামের আলী আজগরের ছেলে। তিনি ফতুল্লার দেলপাড়া বাজার সংলগ্ন তানিয়ার বাড়ির ভাড়াটিয়া।

স্যানিটারি মিস্ত্রি আব্দুল জলিল জানান, চিতাশাল ১ নং গলির দেলোয়ার হোসেনের সঙ্গে ১৭ হাজার টাকায় চুক্তি হয়, যে সড়ক কেটে তার বাড়িতে তিতাস গ্যাসের একটি সংযোগ দেওয়ার। এতে দেলোয়ার অগ্রিম ২ হাজার টাকা দিয়েছে। বাকি টাকা কাজ শেষে দেবেন। বিষয়টি দেলপাড়া এলাকার গ্যাস কন্ট্রাক্টর মাসুমকে জানায়। পরে তার কয়েকজন লোক আর আমি ও আরিফুল রাতে কাজ শুরু করি। মাটি কেটে পাইপ বের করে সংযোগ দেওয়ার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তখন আমাদের চারজন শ্রমিক আহত হয়। আরিফুল ইসলামকে তাৎক্ষণিক আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছেন, তার ৬৫% দগ্ধ হয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/কেজে/এএসএম