নারায়ণগঞ্জের দক্ষিণ সস্তাপুর এলাকার শিবু মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ঝুটের গুদাম ও একটি চায়ের দোকান পুড়ে গেছে। বুধবার সকালে খবর পেয়ে শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের সদস্যদের সহযোগিতায় মোট পাঁচটি ইউনিট আগুন নেভানোর অভিযানে অংশ নেয়।
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, একটি সেমিপাকা ঝুটের গোডাউন এবং একটি চায়ের দোকানে আগুন লাগে। এতে গোডাউনে মজুত থাকা ঝুট, স’ মিলের কাঠ, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।








