নারায়ণগঞ্জের আড়াইহাজারে মো. হারুন নামের এক অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ জুলাই) বিকেলে আড়াইহাজারের জাঙ্গালিয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হারুন সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বিসনাদীর ভিটিপাড়া এলাকার মো. অলিল্লাহর ছেলে।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় নিজের অটোরিকশাটি নিয়ে উপার্জনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন হারুন। এরপর রাত গভীর হলেও তিনি আর বাড়ি ফেরেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

সোমবার সকাল থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করে তার সন্ধান চালানো হচ্ছিল। বিকেলে আড়াইহাজার উপজেলার জাঙ্গালিয়া এলাকায় একটি রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশ ও হারুনের পরিবারকে খবর দেয়। স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি হারুণের বলে শনাক্ত করেন।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক হারুনকে ছুরিকাঘাত করে হত্যা করেছে এবং অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে। নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এই হত্যাকাণ্ডর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

এমওএসআর/এমআইএইচএস