নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে জুলাই গণ-অভ্যুত্থান উদ্‌যাপন অনুষ্ঠানে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামি ছাত্রশিবিরের নেতা–কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। সরকারি তোলারাম কলেজ ক্যাম্পাসে আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটেছে।

সংঘর্ষে আহতরা হলেন ছাত্রদলের তুহিন, সাব্বির, তোফায়েল, আকাশ ও রহিম এবং ছাত্রশিবিরের এমদাদুল হক শুভ, তামিম ইসলাম ও তরিকুল ইসলাম।

এ ঘটনায় ছাত্রদল ও ছাত্রশিবির একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার অভিযোগ তুলেছে। শিবিরকর্মীদের অভিযোগ, জুলাই গণ-অভ্যুত্থানের অনুষ্ঠানে আকস্মিক তাঁদের ওপর হামলা চালান ছাত্রদলের নেতা–কর্মীরা। তবে ছাত্রদল কর্মীদের দাবি, তোলারাম কলেজের অনুষ্ঠান শেষে বিনা উসকানিতে শিবির তাঁদের ওপর হামলা চালিয়েছে।

কলেজ সূত্র বলেছে, কলেজ ক্যাম্পাসে জুলাই গণ-অভ্যুত্থানের দিবসের অনুষ্ঠানে ছাত্রশিবিরের নেতা–কর্মীদের বক্তব্য দিতে না দেওয়ায় ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ রড, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় দুই পক্ষই ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান বলেন, কলেজ ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।