চট্টগ্রামে আন্তর্জাতিক মানের নার্সিং শিক্ষা ও দক্ষ জনবল গড়ে তুলতে ফ্রান্সের সহযোগিতা চেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি জানিয়েছেন, চসিক পরিচালিত নার্সিং ইনস্টিটিউটে চার বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রি চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) বিকেলে টাইগারপাসে চসিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মেয়র এ কথা বলেন।

বৈঠকে মেয়র বলেন, আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন নার্স তৈরির বিকল্প নেই। বর্তমানে চসিক নার্সিং ইনস্টিটিউটে ডিপ্লোমা কোর্স চালু থাকলেও চার বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নের পাশাপাশি দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

তিনি বলেন, এক্ষেত্রে ফ্রান্সের বিনিয়োগ, কারিগরি সহায়তা, অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চট্টগ্রামকে দক্ষিণ এশিয়ার একটি আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করতে চায় সিটি করপোরেশন।

jagonews24

ফ্রান্সের রাষ্ট্রদূত বৈঠকে চট্টগ্রামে নারীর ক্ষমতায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ, জলাবদ্ধতা নিরসন, পর্যটন শিল্প এবং চট্টগ্রামের সঙ্গে ফ্রান্সের কোনো শহরের ‘সিস্টার সিটি’ সম্পর্ক স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। উভয় পক্ষ টেকসই নগর উন্নয়ন, পরিবেশবান্ধব অবকাঠামো এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে ফরাসি উন্নয়ন সংস্থা এএফডির কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলা চট্টগ্রাম ওয়াসার চলমান স্যানিটেশন প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন। তিনি প্রকল্প বাস্তবায়নে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসনিক ও অবকাঠামোগত সহযোগিতা কামনা করেন।

বৈঠকে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআরএএইচ/এমআরএম