নাটোরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন বলে অভিযোগ উঠেছে। সকাল ৬টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের দুই জেলার সীমানা গাওপাড়া ঢালান এলাকায় মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ। এরপর বেলা ১১টার দিকে মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। মিছিলে ১৫ থেকে ২০ জন নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা গাওপাড়া ঢালানের মাঝিপাড়া গ্রামে ফরহাদ বিন আজিজের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ। সদর থানার ওসি মো. মুনসুর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।