নাটোরের গুরুদাসপুরে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে নারীসহ চার ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নতুনপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হচ্ছেন আবুল হাসেম (৩৫), কামাল হোসেন (৪০), মিজানুর রহমান (৩৫) ও বিলকিস বেগম (৩৪)। তাঁদের মধ্যে আবুল হাসেমের অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় আবুল হাসেমের ভাই নজরুল ইসলাম বাদী হয়ে আজ মঙ্গলবার থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত ব্যক্তিরা হচ্ছেন রফিক উদ্দিন (৩৫), শহিদুল ইসলাম (৩৭), দানিউল ইসলাম (৪২), সাদেক আলী (৪০), আব্দুল কাদের (৪৪), ওয়াসিম (২৮), ঠান্টু (৩৫), বাবলু মিয়া (৩৭), সাইফুল ইসলাম (২৬), সোহাগ আলী (২০) ও মাসুদ রানা (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল হাসেমের চায়ের দোকানে টেলিভিশনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাচ্ছিল। খেলা চলাকালে বিদ্যুতের লোডশেডিং হলে উৎসুক জনতা চিৎকার করে ওঠেন। এতে বিপত্তি ঘটে পাশের বাড়ির একটি শিশুকে নিয়ে। জনতার চিৎকারে শিশুটি ভয় পায়। উৎকণ্ঠায় পড়েন শিশুটির মা-বাবা।

একপর্যায়ে আবুল হাসেমের ভাই নজরুল ইসলাম প্রতিবাদ করলে অভিযুক্ত ব্যক্তিরা তাঁর ওপর চাড়ও হয়ে গালমন্দ করতে থাকেন। এ সময় আহত ব্যক্তিরা প্রতিবাদ জানালে সংঘর্ষ বাধে।

এ ব্যাপারে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম আজকের পত্রিকাকে বলেন, এই ঘটনায় তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।