নাটোরে যাত্রীবাহী বাস ও শ্যালো মেশিন চালিত গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন।
শনিবার (৮ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলার নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের পরিচয় শনাক্তকরণে পুলিশ কাজ করছেন।
ওসি জানান, শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নাটোরের দিকে যাচ্ছিলো। এসময় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় বাসটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যালো মেশিন চালিত টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পুর সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।
পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
হাইওয়ে ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করেন। দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তাদের পরিচয় শনাক্তকরণে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
রেজাউল করিম রেজা/কেজে/এএসএম








