অধিকৃত গাজার পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন এলাকার প্রায় ১০০টি স্থানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা তৈরি করেছে ইসরাইলের বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলো। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরাইলি দৈনিক ইসরাইল হায়োম।
প্রতিবেদনে বলা হয়, সেটলার ফার্মস অ্যাসোসিয়েশন ও হাভাত (ফার্মস) ফোরাম যৌথভাবে এ পরিকল্পনা তৈরি করেছে। এর লক্ষ্য অধিকৃত পশ্চিম তীরের বর্তমান ভূ-রাজনৈতিক বাস্তবতায় বড় ধরনের পরিবর্তন আনা। পরিকল্পনা অনুযায়ী, নির্ধারিত একটি ‘বাস্তবায়ন দিবসে’ পশ্চিম তীরের প্রায় ১০০টি গুরত্বপূর্ণ স্থানে বাহিনী মোতায়েন করা হবে। এসব স্থান অধিকাংশই এই এলাকাতে অবস্থিত। প্রতিবেদনে আরও বলা হয়, পরিকল্পনাটি ইতোমধ্যে ইসরাইল সরকারের কয়েকজন মন্ত্রী এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ ব্যক্তিদের কাছে উপস্থাপন করা হয়েছে। এতে পশ্চিম তীরের প্রধান প্রধান ফিলিস্তিনি শহরও অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি হামলায় এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।








