জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, দুই বছরেও তা পূরণ হয়নি। শুধু সংসদে বক্তব্য বা আশ্বাস দিয়ে জনগণের সমস্যার সমাধান করা সম্ভব নয়। বৃহস্পতিবার সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর মুক্তমঞ্চে উপজেলা এনসিপি আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। অভিযোগ করে সারজিস আলম বলেন, সরকারের পক্ষ থেকে সংসদে বিদ্যুৎ সংকট ও লোডশেডিং না থাকার দাবি করা হলেও বাস্তবে দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক লোডশেডিংয়ে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। জনগণ প্রতিদিন বিদ্যুৎ সমস্যার ভোগান্তির শিকার হচ্ছে। তিনি আরও বলেন, দেশের বিপুলসংখ্যক যুবক এখনো বেকার। কর্মসংস্থান সৃষ্টির যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল সেটির বাস্তবায়ন দৃশ্যমান নয়। তিনি বলেন, ঢাকাকেন্দ্রিক রাজনীতি দিয়ে দেশের মানুষের প্রকৃত চাওয়া-পাওয়া পূরণ সম্ভব নয়। এজন্য জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষের কাছে যেতে হবে, তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শুনে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। একটি গণতান্ত্রিক, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে জনগণের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিতে হবে। পথসভায় বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মুস্তাফিজ ও মাহিন সরকার, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, কেন্দ্রীয় যুবশক্তির সহ-সাংগঠনিক সম্পাদক মোশারফ আদনান, সিরাজগঞ্জ জেলা এনসিপির সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন লিওন এবং উল্লাপাড়া উপজেলা এনসিপির আহ্বায়ক রিফাত বিন জামান প্রমুখ। এর আগে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসাবে এনসিপির নেতাকর্মীরা উল্লাপাড়া পৌর শহরের বিভিন্ন সড়কে পদযাত্রা করেন।








