এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে নতুন করে আর কাউকে শেখ হাসিনা হতে দেবো না। আপনি অভ্যুত্থানের পর দেশে এসেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। আপনার জেলা ও উপজেলার নেতাকর্মীরা যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়, চাঁদাবাজি করে, সিন্ডিকেট চালায়, মাদকের ব্যবসা করে, আমার নিরপরাধ ভাইদের উপর জুলম করে এর দায় আপনাকে নিতে হবে।
বুধবার (৮ জুলাই) বিকেলে টাঙ্গাইলের কালিহাতীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
পুলিশ বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ পুলিশ নামক যে প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানটিকে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য ইচ্ছামতো অপব্যবহার করেছে। আমরা চাই পুলিশ থেকে শুরু করে যত আইন-শৃঙ্খলা বাহিনী আছে, সবাই কাজের মধ্য দিয়ে গৌরব এবং সম্মান ফিরিয়ে আনবেন।
তিনি আরও বলেন, প্রত্যেকটা দল ক্ষমতায় থাকার জন্য পুলিশকে ব্যবহারের চেষ্টা করবে। আপনারা যদি পেশাদারিত্ব বিসর্জন দেন তাহলে কোনো দিনও নিজের বিবেকের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না।
দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তার প্রসঙ্গ তুলে সারজিস আলম বলেন, আমরা বাংলাদেশপন্থী সরকার চাই। সীমান্তে যদি আর একটি হত্যাকাণ্ড ঘটে, যদি আবার পুশ-ইনের মাধ্যমে দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা হয়, তখন আমরা দেখব না কে সরকারে আছে, আমরা দেখব রাষ্ট্রের পক্ষে কার অবস্থান। আমরা শুধু সেই বাংলাদেশপন্থী সরকারের সঙ্গেই থাকব, যারা জনগণের অধিকার ও রাষ্ট্রের স্বার্থ রক্ষায় আপসহীন থাকবে।
এসময় আরও বক্তব্য রাখেন, এনসিপির যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার, উত্তরাঞ্চলের ডেপুটি মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, জেলা এনসিপির আহ্বায়ক কামরুজ্জমান শাওন ও এনসিপির সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল প্রমুখ।
আব্দুল্লাহ আল নোমান/এসজেডএইচ








