ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সঙ্গে দেশের টিউশন খাতেও দ্রুত পরিবর্তন এসেছে। শিক্ষার্থী ও অভিভাবকরা এখন মোবাইল অ্যাপ ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সহজেই প্রয়োজনীয় টিউটর খুঁজে পাচ্ছেন। এ প্রযুক্তিনির্ভর শিক্ষা সেবাকে আরও নিরাপদ, সুসংগঠিত ও টেকসই শিল্পে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করছে অনলাইন টিউশন প্ল্যাটফর্ম কেয়ারটিউটরস। প্রতিষ্ঠানটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে কেয়ারটিউটরসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসুদ পারভেজ রাজু বলেন, অনলাইন টিউশন এখন আর বিকল্প ব্যবস্থা নয়, বরং শিক্ষাব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থী, অভিভাবক ও টিউটরদের জন্য আরও কার্যকর, নির্ভরযোগ্য ও দীর্ঘমেয়াদি সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে প্ল্যাটফর্মে নতুন কয়েকটি ডিজিটাল ফিচার যুক্ত করার কাজ চলছে। এগুলো চালু হলে টিউটর নির্বাচন, যোগাযোগ এবং সেবা গ্রহণের পুরো প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে। বর্তমানে কেয়ারটিউটরস দেশের সব বিভাগীয় শহরের পাশাপাশি সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লায় সেবা দিচ্ছে। প্রতিষ্ঠানটির তথ্যমতে, তাদের প্ল্যাটফর্মে ৫ লাখের বেশি নিবন্ধিত টিউটর রয়েছেন। মোবাইল অ্যাপের মাধ্যমে একাডেমিক বিষয়ের পাশাপাশি অঙ্কন, ভাষা শিক্ষা, ধর্মীয় শিক্ষা এবং দক্ষতা উন্নয়নসহ ১৪টি ক্যাটাগরিতে টিউটর খুঁজে পাওয়া যায়। অনুষ্ঠানে মাসুদ পারভেজ রাজু বলেন, দক্ষ মানবসম্পদ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ই ভবিষ্যতের ডিজিটাল শিক্ষা প্ল্যাটফর্মের মূল শক্তি।







