বলিউডে পারিশ্রমিকের দৌড়ে নতুন মাইলফলক গড়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। যশরাজ ফিল্মসের বহুল প্রতীক্ষিত স্পাই-অ্যাকশন সিনেমা ‘আলফা’-তে অভিনয়ের জন্য তিনি নিয়েছেন ২৫ কোটি রুপি, যা তাকে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের কাতারে শীর্ষে নিয়ে গেছে।ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এই পারিশ্রমিকের মাধ্যমে আলিয়া ছাড়িয়ে গেছেন দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফ-কে। জানা গেছে, দীপিকা প্রতি ছবিতে ২০ কোটির কিছু বেশি এবং ক্যাটরিনা প্রায় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিতেন। একসময় পারিশ্রমিকের শীর্ষ তালিকায় থাকা প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে হলিউডের কাজ নিয়েই বেশি ব্যস্ত। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন সংযোজন ‘আলফা’-তে প্রথমবারের মতো কেন্দ্রীয় অ্যাকশন চরিত্রে দেখা যাবে আলিয়া ভাটকে। ছবিটিকে ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে থাকলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে তার অ্যাকশন চরিত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে।তবে নির্মাতারা ছবির সাফল্য নিয়ে যথেষ্ট আশাবাদী। ছবিতে আলিয়ার বাবার চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। ‘অ্যানিম্যাল’-এর সাফল্যের পর এই অভিনেতা ৬ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে। এছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করা শর্বরী ওয়াঘ পেয়েছেন ৩ কোটি রুপি। একই পরিমাণ পারিশ্রমিক নিয়েছেন বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুর।
এদিকে স্পাই ইউনিভার্সের জনপ্রিয় চরিত্র কবির হিসেবে বিশেষ উপস্থিতিতে (ক্যামিও) দেখা যাবে হৃতিক রোশন-কে। যদিও তার পারিশ্রমিকের অঙ্ক প্রকাশ করা হয়নি। সবকিছু ঠিক থাকলে ৩ জুলাই ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আলফা’। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অন্যতম বড় বাজেট ও বহুল প্রতীক্ষিত সিনেমা হিসেবে এটি ইতোমধ্যেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।








