টানা বর্ষণে শেরপুর সীমান্ত সড়কে পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এ ঘটে। এতে সড়কের দুই পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়েছে।

এদিকে, পাহাড় ধসের খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করেছে বন বিভাগের কর্মীরা। ওই সড়ক দিয়ে শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা থেকে জামালপুরের বকশীগঞ্জের কামালপুরসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে যান চলাচল করে।

স্থানীয় রহিমদ্দিন বলেন, “তিনদিন থেকে থেমে থেমে বৃষ্টির ফলে কয়েকটি গাছ উপড়ে সড়কের ওপর পড়ে। সেই সঙ্গে পাহাড়ের মাটি ধসে সড়ক ঢেকে যাওয়ায় উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে গেছে।”

ট্রাকচালক মিয়ার আলী বলেন, “সবজি নিয়ে ঢাকা রওয়ানা হয়েছিলাম। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় অন্য রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছি।”

ময়মনসিংহ বন বিভাগের বালিঝুড়ি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, “গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে। শনিবার দুপুরে হঠাৎ করেই পাহাড় ধসে শেরপুর-কামালপুর সীমান্ত সড়কের ওপর পড়ে। বৃষ্টি অব্যাহত থাকায় কাদা-মাটি সরাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সড়কটি পুনরায় সচল করতে চেষ্টা চলছে।”