জাপান ম্যাচ জিতে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ আনচেলত্তিকে নেইমার নিয়ে সাংবাদিকদের বাউন্সারের মুখে পড়তে হলো। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর আগে হিউস্টন স্টেডিয়ামের বড় পর্দায় দেখা গেল, লকাররুম থেকে বের হওয়ার সময় রায়ান, ব্রুনোকে বোঝাচ্ছেন নেইমার। ম্যাচে ফিরতে না পারলে, এই ম্যাচটাই নেইমারের জন্য বিশ্বকাপে ‘লাস্ট ডান্স’ হতো! দ্বিতীয়ার্ধ শুরুর কিছুক্ষণ পর নেইমার ওয়ার্মআপ শুরু করেন। হিউস্টনের গ্যালারি তখন চিৎকার করছে, ‘নেইমার...নেইমার’। আবেগপ্রবণ নন ইউরোপীয় রুক্ষ বাস্তবতায় গড়া অনমনীয় কার্লো আনচেলত্তি। কুনিয়ার জায়গায় নেইমারকে মাঠে না নামিয়ে খেলালেন ১৯ বছরের এনদ্রিককে!
ম্যাচের পর সংবাদ সম্মেলনে আনচেলত্তির দিকে ঝাঁকে ঝাঁকে প্রশ্ন উড়ে গেল। নেইমারকে নিয়েই শুরু করলেন ব্রাজিল কোচ। জানালেন, ম্যাচটা যদি কোনো কারণে অতিরিক্ত সময়ে গড়াত, তাহলে নিশ্চিতভাবেই তিনি নেইমারকে নামাতেন। কিন্তু মার্তিনেল্লির গোলটা হয়ে যাওয়ার পর আর পরিবর্তন করতে চাননি। কিন্তু গোলটা না হলে নিশ্চিতভাবেই অতিরিক্ত সময়ে নেইমার মাঠে নামতেন। বিশ্বকাপে নেইমার আর জাপান প্রায় সমার্থক শব্দ হয়ে উঠেছে। পাঁচ ম্যাচে নয় গোল। অথচ, সেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বেঞ্চে। তা-ও যখন ব্রাজিল এক গোলে পিছিয়ে! আসলে সেই মুহূর্তে ব্রুনো, ভিনিসিয়ুসরা যে গতিতে জাপান বক্সে আক্রমণ শানাচ্ছিলেন, আনচেলত্তি জানতেন, ম্যাচ ফিটনেস না থাকা নেইমারের পক্ষে সেই গতিতে দলের সবার সঙ্গে তাল মেলানো সম্ভব হবে না। ফলে গোল না হলে অতিরিক্ত সময়ে নেইমারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটা ঝুঁকি না নিয়ে অন্য কোনো পথ খোলা ছিল না ব্রাজিল কোচের জন্য।
তবে এও ঠিক যে, দ্বিতীয়ার্ধে নেইমারকে ঠিক কখন নামানো উচিত, এ নিয়ে দ্বিধায় ভুগছিলেন ব্রাজিল কোচ। জানালেন, মাঠের ধারে নেইমার ওয়ার্মআপ করার সময় তার সঙ্গে একবার কথাও বলেছিলেন তিনি। তখন ভেবেছিলেন, ৬০-৬৫ মিনিটের দিকে নামিয়ে দিয়ে চাপ তৈরি করবেন। কিন্তু ততক্ষণে কাসেমিরোর গোলের পর খেলাটা ব্রাজিলের পুরো নিয়ন্ত্রণে চলে এসেছে। তাই ভেবেছিলেন, অতিরিক্ত সময়ে নামাবেন। শেষ পর্যন্ত যে নেইমারকে নিয়ে পরীক্ষায় যেতে হয়নি, তার জন্য মার্তিনেল্লির প্রশংসা করেন তিনি। ‘বদলি হিসাবে মাঠে নেমে মার্তিনেল্লি যেভাবে ম্যাচের রং বদলে দিয়েছে, তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। বেঞ্চে এরকম একজন গেমচেঞ্জার ফুটবলার থাকলে, যে কোনো কোচের জন্য কাজটা সহজ হয়ে যায়,’ বলেছেন আনচেলত্তি।








