ফরিদপুরে নিখোঁজের দুইদিন পর পাটখেত থেকে ইউসুফ ফকির (৪৬) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখার হাট এলাকার একটি পাটখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইউসুফ ওই এলাকার সহির উদ্দিন ফকিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যার দিকে মমিনখার হাট এলাকা থেকে একটি অটোরিকশায় রওনা হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন ইউসুফ। আত্মীয়-স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে শনিবার সকালে স্থানীয়রা একটি পাটখেতের সামনে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও পরিবারের সদস্যদের খবর দেয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো সম্ভব হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এন কে বি নয়ন/এফএ/এএসএম