বাগেরহাটের মোরেলগঞ্জে মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন স্থানীয় যুবলীগ নেতা জাহিদুল ইসলাম হাওলাদার (৪২)। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে তিনি বাগেরহাট জেলা কারাগার থেকে সাময়িকভাবে মুক্তি পেয়ে জানাজায় অংশ নেন।জাহিদুল ইসলাম নাশকতা মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন। পারিবারিক সূত্র জানায়, তার মা সবেজান বিবি বৃহস্পতিবার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মায়ের মৃত্যুর পর দাফন ও জানাজায় অংশ নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুর দুইটার দিকে তাকে নির্দিষ্ট সময়ের জন্য মুক্তি দেওয়া হয়।প্যারোলে মুক্তি পেয়ে জাহিদুল ইসলাম মোরেলগঞ্জ উপজেলার খারইখালী গ্রামে যান। সেখানে মায়ের জানাজা ও দাফন সম্পন্ন করেন তিনি। দাফন শেষে প্যারোলের শর্ত অনুযায়ী বিকেলেই তাকে পুনরায় বাগেরহাট জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।বাগেরহাট জেলা কারাগার কর্তৃপক্ষ জানায়, মানবিক বিবেচনায় ও প্রচলিত কারাবিধি অনুসরণ করে প্রয়োজনীয় অনুমোদনের ভিত্তিতে তাকে সাময়িকভাবে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। দাফন শেষে তিনি পুনরায় কারাগারে ফিরেছেন।\