জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জুলাই সনদের প্রতিশ্রুত সংস্কারগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় জনগণের মধ্যে নতুন করে গণতান্ত্রিক আন্দোলনের পরিবেশ সৃষ্টি হতে পারে। ইতিহাসে কোনো স্বৈরাচারী সরকার জনগণের ইচ্ছার বিরুদ্ধে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।

শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ‌‘ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি সম্মেলন’-এ এসব কথা বলেন তিনি। সম্মেলনটি দর্শনা পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, অতীতে দেশের মানুষ ভোটাধিকার হরণ, একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার নানা ঘটনার সাক্ষী হয়েছে। একটি জবাবদিহিমূলক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে জনগণের প্রত্যাশা বাস্তবায়ন এখন সময়ের দাবি।

সম্মেলনে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোবারক হোসাইন বলেন, সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূলের প্রতিটি ওয়ার্ডকে আরও কার্যকর ও সুসংগঠিত করতে হবে। আদর্শিক নেতৃত্ব, সাংগঠনিক শৃঙ্খলা এবং জনগণের কল্যাণে নিবেদিত কার্যক্রমের মাধ্যমে জামায়াতকে মানুষের আস্থার সংগঠনে পরিণত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঞ্চল সহকারী পরিচালক অধ্যাপক আবু সাদেক এবং চুয়াডাঙ্গা-১আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল।

সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিরা অংশ নেন। শেষে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

হুসাইন মালিক/কেএইচকে/এএসএম