কক্সবাজারের টেকনাফ উপজেলায় মো. আরফাত (১৩) নামে এক কিশোরকে অপহরণের অভিযোগ উঠেছে। অজ্ঞাত অপহরণকারীরা ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানিয়েছে তার পরিবার।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় পাহাড়ে মহিষ আনতে গেলে তাকে অপহরণ করা হয়। আরফাত শামলাপুর পুরানপাড়া এলাকার আব্দুল মাবুদের ছেলে।
আব্দুল মাবুদ বলেন, পুরানপাড়া পাহাড়ের পাদদেশে মহিষ আনতে যাওয়ার পর থেকে আরফাতের খোঁজ মেলেনি। শনিবার (১৮ জুলাই) সকালে মোবাইল ফোনে কল দিয়ে বলা হয়, আরফাতের মুক্তির বিনিময়ে ২০ লাখ টাকা দিতে হবে।
এ ঘটনায় পরিবারের সদস্যদের মাঝে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তারা আরফাতকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়েছে।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু সাঈদ জানান, স্থানীয় ইউপি সদস্য শফিউল কাদের কালু মেম্বার বিষয়টি তাদের জানিয়েছেন। এ ঘটনায় টেকনাফ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য বলা হয়েছে। আরফাতকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী পরিবারের তথ্য অনুযায়ী, গত দেড় বছরে টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২৫০ জনের বেশি মানুষ অপহরণের শিকার হয়েছেন। তাদের অধিকাংশকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হলেও কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কিছু ভুক্তভোগী এখনো নিখোঁজ রয়েছেন।








