জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আগামীর লড়াই শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া, তারেক রহমান বা বিএনপির বিরুদ্ধে নয়। এ লড়াই হবে জুলাই সনদ ও গণভোট অমান্যকারীদের বিরুদ্ধে। যারা ১৪শ ছাত্র-জনতার রক্তের সঙ্গে বেইমানি করবে, তাদের বিরুদ্ধে।

শুক্রবার (১৭ জুলাই) রাত ৯টায় দিনাজপুরের হাকিমপুর (হিলি) বাজারের গোডাউন মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ভোটের আগে আমরা এ দেশের শিক্ষা, চিকিৎসা, আলেম-ওলামাদের সুরক্ষা ও সীমান্ত এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছিলাম। আমরা বিএনপিকে কোনো টেন্ডারবাজ ও চাঁদাবাজকে মনোনয়ন না দিতে অনুরোধ করেছিলাম। কিন্তু তারা বলেছেন, এটি তাদের দলের পুরোনো ঐতিহ্য, যা তারা ছাড়তে পারবে না। আমরা যখন শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা বলেছি, তখন তারা বলেছেন, আপনাদের ওসব দেখতে হবে না, আমরা সব শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের নিজেদের (২ নম্বর) লোক বসাবো।

পদযাত্রায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র এ পর্যন্ত ঠিক আছে। কিন্তু ভারত যদি কথা ও কাজের মাধ্যমে বারবার প্রমাণ করতে চায় যে তারা দাদাগিরি বা আধিপত্যবাদ বহাল রাখবে, তবে স্পষ্ট ভাষায় বলতে চাই, এ ধরনের রাষ্ট্রকে আমরা বন্ধুসুলভ প্রতিবেশী মনে করবো না। যারা একজন গণহত্যাকারী ও ওসমান হাদীর হত্যাকারীদের আশ্রয় দেয়, যারা আমাদের ন্যায্য পানির হিস্যা দেয় না, খরার সময় পানি আটকে রাখে আর বর্ষায় পানি ছেড়ে দিয়ে লাখো মানুষকে বিপদে ফেলে, তারা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না।

এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে বলেন, আগামী দিনে জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন না হলে, এ দেশের জনগণ আপনাদেরও ছুঁড়ে ফেলে দেবে।

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. আব্দুল আহাদ, হাকিমপুর উপজেলা জামায়াতের আমির মো. আমিনুল ইসলামসহ এনসিপি ও ১১-দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ।

এমদাদুল হক মিলন/কেএইচকে/এএসএম